আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি, জামায়াতকে নয়

আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি, জামায়াতকে নয়

0
9

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় আওয়ামী লীগকে শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এতে ২০টি শর্ত জুড়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয় এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রাত ৮টার দিকে বলেছেন, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন।

অনুমতি পায়নি জামায়াত

আগামীকাল রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।

মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না। আজও ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

অবশ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, অনুমতি না পেলেও তাঁরা মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণাটি দিয়েছিল ১৮ অক্টোবর। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY